পিএনএস ডেস্ক: প্রেক্ষাগৃহে চলছে মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা সেন’। কবি জীবনানন্দ দাশকে নিয়ে বিগ স্কেলের নির্মাণটি দেশ-বিদেশে প্রশংসা কুড়াচ্ছে। ঠিক তখন সামাজিক মাধ্যমে শিল্প-সাহিত্য সম্পর্কিত আক্ষেপ প্রকাশ নির্মাতার।
বুধবার (১৪ জুন) নিজের ফেসবুকে উজ্জ্বল লেখেন, ‘‘আমরা ‘বাংলাদেশ’ নামক এক রাক্ষসপুরীতে বাস করি। যেখানে টাকাওয়ালা রাক্ষসদের অনন্ত ক্ষুধা নিবারণের মতো কোনো অলৌকিক খাদ্যবস্তু এখনও তৈরি হয়নি।’’
এরপর লেখেন, ‘মাঝে এক বন্ধু একটি ব্যবসার প্রস্তাব দিয়েছিল— ভাঙাড়ির ব্যবসা। বিভিন্ন জায়গা থেকে জাহাজ বা অন্যান্য লোহার তৈরি ধ্বংসাবশেষ সংগ্রহ করে স্টিল মিলে বিক্রি করার ব্যবসা। এটি কোটি কোটি টাকার ব্যবসা। সেই কারণেই এসব ব্যবসা নিয়ন্ত্রণের জন্য শক্তিশালী সিন্ডিকেট থাকে। ভুল জেনে না থাকলে, এই ব্যবসার আধিপত্যের দ্বন্দ্বেই মিটফোর্ডে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছিল।’
সৃজনশীলতায় নিয়োজিতদের প্রতিবন্ধকতা নিয়ে এ নির্মাতা লেখেন, ‘‘প্রস্তাবটি পাওয়ার পর থেকে আজ অবধি ভেবেই চলেছি— এই দেশে শিল্প বা সাহিত্যের দাম আসলে কত? আর যাই হোক, ভাঙাড়ির সমান নয়। সেই কারণেই যারা শিল্প-সাহিত্য চর্চা করে চলেছেন, তাদের কাউকে পিটিয়ে মারতে হয় না, হত্যার দায়ও কাউকে নিতে হয় না। জীবনানন্দের মতো কেউ নিজ দায়িত্বে ট্রামের তলায় চলে যান, অথবা তাঁরই মতো কেউ কেউ প্রতি রাতে ভাবেন— ‘একটা ফাঁসির দড়ি নিয়ে যদি অশ্বত্থ গাছটার সঙ্গে ঝুলে পড়তে পারতাম!”
তার কথায়, ‘এই রাক্ষসপুরীর রাক্ষসেরা যেন অবিকল ফ্রাঙ্কেনস্টাইন আর তার দৈত্যের মতো। নিজে রাক্ষস, উৎপাদন করে আরেক রাক্ষস; তাদের হাত ধরে শিল্প-সাহিত্য তথা সংবেদনশীলতা বিবর্জিত নতুন প্রজন্ম তৈরি হয় -আরও অভিনব রাক্ষস হিসেবে। তারপর একে অপরের মাংস খায়।’
সবশেষে লেখেন, ‘পৃথিবীর সমস্ত কিছুকে যদি ভাঙাড়ির চোখে দেখা হয়, তবে সংবেদনশীল মানুষ তৈরির সমস্ত পথই বন্ধ হয়ে যায়। ফলে কেবলই রাক্ষস তৈরি হয়, রাক্ষসে রাক্ষসে পাথর ছোড়াছুড়ি করে কেবল ধ্বংসের ইতিহাসই রচিত হয়-সৃষ্টির নয়।’
উজ্জ্বল বলেন, ‘কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে না। সামগ্রিক দিক বিবেচনা করেই কথাগুলো লিখেছি। কোনো জাতি নিজ দায়িত্বে শিল্প সাহিত্য বিবর্জিত হলে ওই জাতির ভবিষ্যৎ নেই। যারা এখানে নিয়ে কাজ করে তারা আমার মতো নিজ উদ্যোগে করে। কোনো সাপোর্ট ছাড়াই এ পথে হাঁটে। কিন্তু তাদের মেরে ফেলার যে কত রকম তরিকা আছে সেটা বলার মতো না।’
২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা সেন’ গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এতে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশি প্রমুখ।
পিএনএস/এমএইউ
‘‘আমরা ‘বাংলাদেশ’ নামক এক রাক্ষসপুরীতে বাস করি’’
24-06-2026 03:36PM

