পিএনএস ডেস্ক: ইরানের ২৯০ সদস্যের পার্লামেন্টের ১৮০ জন আইনপ্রণেতাই যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান সমঝোতা স্মারক কার্যত সমাপ্ত বলে ঘোষণা করেছেন। হরমুজ প্রণালি ঘিরে তীব্র লড়াইয়ের মধ্যে এই ঘোষণা দেওয়া হয়েছে। খবর আলজাজিরা।
মঙ্গলবার (১৪ জুলাই) এক যৌথ বিবৃতিতে তারা জানায়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্রতিশোধ নেওয়ার’ নীতি অনুসরণ করা বাধ্যতামূলক হয়ে উঠেছে। একই সঙ্গে ইরানের শর্ত অনুযায়ী হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নতুন আইন দ্রুত পাসের আহ্বান জানান তারা।
আইনপ্রণেতাদের বিবৃতিতে বলা হয়, ‘আমরা প্রতিশোধের পথে অঙ্গীকারবদ্ধ। পরিকল্পনা, প্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কোনো মুহূর্ত যেন নষ্ট না হয়।’
তারা আরো জানান, পার্লামেন্টের অগ্রাধিকারমূলক কর্মসূচিতে থাকবে দেশের প্রতিরক্ষা নীতি আরো শক্তিশালী করা এবং হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও শাসনব্যবস্থা সম্পর্কিত আইন পাস করা।
বিবৃতিতে আরো বলা হয়, যেহেতু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই সমঝোতাকে সমাপ্ত ঘোষণা করেছেন, তাই ইরানের সরকারের তিন অঙ্গের প্রধানদেরও এ বিষয়ে দৃঢ় ও ‘বিপ্লবী’ অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করা উচিত।
এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এমপিরা বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে সেনাবাহিনীর সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিতে পার্লামেন্ট প্রস্তুত।
পিএনএস/রাআ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা সমাপ্ত ঘোষণা ইরানের
15-07-2026 12:25AM

