পিএনএস ডেস্ক: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শেখ আহমেদ আলী (৪৫) নামের এক অসুস্থ কারাবন্দির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা সূত্রে জানা যায়, শেখ আহমেদ আলী চেকসংক্রান্ত মামলায় বন্দি ছিলেন। তার বাবার নাম শেখ সরদার আলী।
জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষী মো. হাসানসহ কয়েকজন কারারক্ষী অসুস্থ কারাবন্দি শেখ আহমেদ আলীকে মঙ্গলবার রাতে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
পিএনএস/এএ
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু
08-07-2026 02:26AM

