মিশরের গোল বাতিল নিয়ে সমালোচনার ঝড়, প্রশ্নের মুখে ভিএআর

  08-07-2026 03:19AM

পিএনএস ডেস্ক: মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ৩-২ জয়ের ম্যাচে সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে উঠেছে মিশরের দ্বিতীয় গোল বাতিলের সিদ্ধান্ত। ৫৮ মিনিটে জিকো বল জালে জড়ালেও ভিএআরের পর রেফারি গোলটি বাতিল করেন।

কারণ, গোলের আগে আক্রমণ শুরুর মুহূর্তে লিসান্দ্রো মার্তিনেজকে জার্সি টেনে ফাউল করা হয়েছিল বলে সিদ্ধান্ত দেওয়া হয়।

তবে এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। স্কটল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালি ম্যাককোইস্ট মনে করেন, নিয়ম অনুযায়ী গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল। অন্যদিকে ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক রব গ্রিনের দাবি, ঘটনাটি গোলপোস্ট থেকে অনেক দূরে ঘটেছিল এবং এত পেছনের একটি ঘটনা পর্যালোচনা করা ভিএআরের এখতিয়ারের মধ্যেই পড়ে না।

বিবিসি, ফক্স সকার এবং দ্য অ্যাথলেটিক-এর বিশ্লেষকরাও এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এটি ভিএআরের ‘সুস্পষ্ট ও নিশ্চিত ভুল’ সংশোধনের নীতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না। মিশরীয় ফুটবল মহলেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকের দাবি, এই সিদ্ধান্তই ম্যাচের গতিপথ বদলে দিয়েছে এবং নতুন করে ভিএআরের ব্যবহার ও সীমা নিয়ে বিতর্ক উসকে দিয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন