পিএনএস ডেস্ক: ২০০৫ সালের ১৮ জুনের আগে ওয়ানডেতে ছয়বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে প্রতিবারই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুই দলের প্রথম দেখা হওয়ার ১৫ বছর পর সপ্তম ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা প্রথম জয়ের স্বাদ পায়। সেই ঐতিহাসিক ম্যাচের নায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল। আরেকটি জয় পেতে বাংলাদেশকে ২১ বছর অপেক্ষা করতে হলো। এবার সেই আশরাফুল কোচের ভূমিকায়।
বাংলাদেশের সাবেক এই ব্যাটার এখন উত্তরসূরীদের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছর আগে-পরে আসা বাংলাদেশের দুই ওয়ানডে জয় এবং দুটেতেই সাক্ষী হতে পারা স্বাভাবিকভাবেই আশরাফুলের কাছে বিশেষ কিছু। এবার তিনি প্রথম ওয়ানডে সিরিজ জয়েরও স্বপ্ন দেখছেন।
মিরপুরে গতকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যেখানে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেনের ৮৬ রানে ভর করে ২৮৪ রান তোলে। লক্ষ্য তাড়ায় নামা অজিদের ঠিকমতো দাঁড়াতে দেননি রানা-মুস্তাফিজ-মোসাদ্দেকরা। সফরকারীরা ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান করার পর বৃষ্টি হানা দেয়। এরপর খেলা আর মাঠে না গড়ালে ডিএল মেথডে ৮৬ রানের জয় পায় বাংলাদেশ।
২১ বছর আগে কার্ডিফে বাংলাদেশের প্রথম জয়ের ম্যাচে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ৫ উইকেটে ২৪৯ রান তোলে। জবাবে ৭২ রানে ৩ উইকেট হারানো টাইগারদের পথ দেখান আশরাফুল ও অধিনায়ক হাবিবুল বাশার। বাশার ৪৭ এবং আশরাফুল ১০০ রান করে যখন হয়ে ফিরছেন ততক্ষণে বাংলাদেশ ইতিহাস প্রায় গড়েই ফেলেছে। আফতাব আহমেদ ১৩ বলে ২১ রানের ক্যামিওতে ৪ বল এবং ৫ উইকেট হাতে রেখে বাকিটা সেরেছেন।
কার্ডিফ মহাকাব্য থেকে মিরপুরের স্মরণীয় জয়ের দুই স্মৃতি স্মরণ করে আশরাফুল ফেসবুকে লিখেছেন, ‘১৮ জুন ২০০৫, কার্ডিফ। সেদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের অংশ হতে পেরেছিলাম একজন খেলোয়াড় হিসেবে। সেই স্মৃতি আজও হৃদয়ের গভীরে অমলিন হয়ে আছে। ৯ জুন ২০২৬, মিরপুর। ২১ বছর পর আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জয়। তবে এবার মাঠে ব্যাট হাতে নয়, বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে দলের পাশে ছিলাম।’
‘আলহামদুলিল্লাহ, জীবনের কত সুন্দর এক পরিক্রমা! একই প্রতিপক্ষের বিপক্ষে দুটি ঐতিহাসিক জয়, দুটি ভিন্ন ভূমিকায়– কিন্তু অনুভূতিটা একই, দেশের জন্য গর্ব আর আবেগে ভরা। আজকে ছেলেরা অসাধারণ ক্রিকেট খেলেছে। তাদের আত্মবিশ্বাস, লড়াই আর দলগত প্রচেষ্টা দেখে সত্যিই গর্বিত। এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের পথচলার আরেকটি স্মরণীয় অধ্যায়। দোয়া করবেন, যেন বাকি দুই ম্যাচেও একইভাবে ভালো ক্রিকেট খেলতে পারি এবং সিরিজটি দেশের জন্য জয় করতে পারি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য।’
পিএনএস/এমএইউ
কার্ডিফ থেকে মিরপুর, অস্ট্রেলিয়ার দুই হারের নায়ক আশরাফুল
10-06-2026 03:42PM

