পিএনএস ডেস্ক: বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক সমিতি। শনিবার (১৩ জুন) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
রুপসা বাস মালিক সমিতির সভাপতি মো আনোয়ার হোসেন জানান, সন্ধ্যার পরে বাগেরহাট জেলা প্রশাসকের সঙ্গে তাদের দাবি ও কর্মসূচির ব্যাপারে বৈঠক হয়। এসময় জেলা প্রশাসক বাস মালিক সমিতির দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন এবং ১ মাস সময় দেওয়ার অনুরোধ করেন। তাতে বাস মালিক সমিতি সাড়া দিয়ে ধর্মঘট প্রত্যাহার করেন।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বাস মালিক সমিতি আলোচনা সাপেক্ষে ধর্মঘট ১ মাসের জন্য স্থগিত করেছেন। এ সময়ের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন।
পিএনএস/রাআ
৫ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
14-06-2026 12:58AM

