আদ্-দ্বীন হাসপাতালের সেবা বন্ধ, ডায়ালাইসিস না পেয়ে প্রাণ গেল বৃদ্ধের

  14-06-2026 12:48AM

পিএনএস ডেস্ক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ থাকায় নির্ধারিত সময়ে ডায়ালাইসিস করাতে না পেরে কামাল মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত কামাল মিয়া রাজধানীর খিলগাঁওয়ের আদর্শবাগ আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। তিনি প্রায় দেড় বছর ধরে নিয়মিতভাবে এই হাসপাতালে ডায়ালাইসিস নিচ্ছিলেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার তার ডায়ালাইসিসের পূর্বনির্ধারিত সময় ছিল। তবে হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় স্বজনরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সেবা দিতে অপারগতার কথা জানানো হয়। এ সময় বিকল্প হিসেবে সরকার নির্ধারিত ছয়টি অন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু অন্য কোথাও নেওয়ার আগেই কামাল মিয়া মৃত্যুবরণ করেন বলে অভিযোগ পরিবারের।

নিহতের স্ত্রী জানান, তার স্বামী নিয়মিত ডায়ালাইসিস পেতেন এবং সেদিন সেবা চালু থাকলে এমন মৃত্যু হতো না। তিনি অভিযোগ করেন, হাসপাতালে ছয় শিশুর মৃত্যুকে কেন্দ্র করে যে সংকট তৈরি হয়েছে, তারই প্রভাব পড়ে তার স্বামীর চিকিৎসায়। ফলে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বিকল্প হিসেবে কয়েকটি হাসপাতালের তালিকা দিলেও সেখানে নেওয়ার মতো সময় পাওয়া যায়নি। তার আগেই সব শেষ হয়ে যায়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন