ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

  02-07-2026 11:16AM

পিএনএস ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে নদী তীরবর্তী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে সোহাগ হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ জুলাই) রাত ১০টায় উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার। এসময় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফসলি জমির টপসয়েল (উপরের উর্বর মাটির স্তর) এবং নদীতীরবর্তী এলাকার মাটি ভেকু দিয়ে কেটে ডাম্পট্রাক ও ট্রাক্টরে করে স্থানীয় বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিল। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছিল। একইসঙ্গে ধুলোবালির কারণে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার জানান, অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্থদণ্ডসহ মাটি বহনকারী গাড়ি জব্দ করা হয়েছে। পরিবেশ, নদী ও ফসলি জমি রক্ষায় মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন