ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি তেহরানের

  08-07-2026 10:53AM

পিএনএস ডেস্ক : হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাংকারে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘শক্তিশালী’পালটা হামলা চালিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মঙ্গলবার (৭ জুলাই) জানিয়েছে, তারা প্রণালিটিতে থাকা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি ছোট নৌকাসহ ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, তাদের বাহিনী ধারাবাহিক শক্তিশালী হামলা শুরু করেছে। একটি আন্তর্জাতিক জলপথে নিরীহ বেসামরিক নাবিকবোঝাই বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার পরিপ্রেক্ষিতে ইরানকে কঠোর মূল্য দিতে হামলা চালানো হচ্ছে।

এক্স পোস্টে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার জবাবে মার্কিন হামলা চালানো হয়েছে। ইরানের এ আগ্রাসন ছিল ‘অযৌক্তিক, বিপজ্জনক এবং যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন’।

তবে ইরানের কোথায় হামলা চালানো হয়েছে, তা জানায়নি সেন্টকম।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে ওয়াশিংটন। তিনি সতর্ক করে বলেন, তেহরান ‘কঠোর পদক্ষেপ’ নেবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক এলাকায় আঘাত হানা হয়েছে। বিস্ফোরণের ধ্বংসাবশেষে কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, তেলবাহী জাহাজে হামলাকে তারা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মনে করে এবং, তার পরিণতি ইরানকে ভোগ করতে হবে।

এদিকে মঙ্গলবার হামলার আগে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানিতে দেওয়া সাময়িক ছাড় প্রত্যাহার করে নেয়। এর ফলে ইরান আর ওই ছাড়ের আওতায় তেল ও জ্বালানি পণ্য রফতানি করতে পারবে না। এই সুবিধা গত মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের অংশ ছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং বলেছে যে এটি মার্কিন সরকারের ‘অসৎ উদ্দেশ্য, অসংগতি ও অবিশ্বস্ততা’ প্রমাণ করে।

এতে আরও বলা হয়েছে যে, তেহরান ‘তার জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় বলে বিবেচিত যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে’।

পিএনএস/ এস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন