১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  08-07-2026 12:09PM

পিএনএস ডেস্ক: বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৩ জুলাই জেলার গৌরনদীতে সেনাবাহিনীর ক্যাম্পের গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করবেন তিনি। এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি এবং সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৭ জুলাই) বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

কুদ্দুসুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করার লক্ষ্যে ১৩ জুলাই সকাল ৯টায় ঢাকা থেকে রওনা দেবেন। সেখান থেকে বরিশাল শহরে এসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বরিশাল বেলস পার্ক, লেক কিংবা গ্র্যান্ড পার্কের আশপাশে এটি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুপুরের পর বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল নগর, জেলা দক্ষিণ ও উত্তর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে সাংগঠনিক সভা করবেন প্রধানমন্ত্রী। সাংগঠনিক সভা সুশৃঙ্খল করার জন্য জোর প্রস্তুতি চলছে।’

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘সেনা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে কর্মীসভায় জেলা ও মহানগরের কর্মীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। বৃষ্টির কারণে ইনডোরে অর্থাৎ শিল্পকলা একাডেমিতে সভাটি করা হচ্ছে। এ ছাড়া বৃক্ষরোপণ ও আলেম-ওলামাদের সঙ্গেও তার মতবিনিময় করার কথা রয়েছে।’

বরিশালবাসীর প্রত্যাশা প্রসঙ্গে প্রশাসক শিরীন বলেন, ‘বরিশালে ছয় লেন সড়ক, রেললাইন, বরিশাল-ভোলা সেতু, গ্যাস সরবরাহ, ইপিজেড- এসব দাবির কথা প্রধানমন্ত্রী জানেন। তারপরও বরিশালের জনগণের এসব প্রত্যাশার কথা আবারও তুলে ধরা হবে।’

এদিকে, প্রধানমন্ত্রীর বরিশাল সফরের খবরে দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন