হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ ফের গ্রেফতার

  24-06-2026 02:09PM

পিএনএস ডেস্ক : রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মুক্তার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নতুন করে গ্রেফতার দেখিয়েছে আদালত।

বুধবার (২৪ জুন) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী মমতাজকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন।

পুলিশের আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে এই হামলার ঘটনার সঙ্গে মমতাজের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মামলার প্রকৃত রহস্য উদঘাটনে পরবর্তীতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর সুইমিং পুলের সামনে আন্দোলনে অংশ নিয়েছিলেন মুক্তার হোসেন। আন্দোলন দমাতে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ছোঁড়া রাবার বুলেটে তিনি গুরুতর আহত হন। এই ঘটনায় দায়ের করা মামলায় মমতাজকে সন্দিগ্ধ আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে রাতে ধানমন্ডি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মমতাজকে গ্রেফতার করে। এরপর থেকেই তিনি কারাগারে আছেন।

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন