জেলা জুড়ে তৈরি করা হয়েছে শতাধিক তোরণ
পিএনএস,নাটোর : বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার নাটোর সফরকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছে উত্তরাঞ্চলের জেলা নাটোর। ২০ দলীয় জোটের জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিকেল ৩টায় স্থানীয় নবাব সিরাজ উদদৌলা কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।
জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, ‘বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে জেলা জুড়ে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।’
জেলা জুড়ে রয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি।
জনসভার প্রস্তুতি শেষ পর্যায়ে। মঞ্চে ৩ শতাধিক আসনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান দেওয়ান শাহীন। মঞ্চের সামনের সারিতে বিএনপি চেয়ারপারসন, স্থায়ী কমিটির সদস্য এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের জন্য আসন নির্ধারিত রয়েছে। এছাড়াও শরিক দলগুলোর শীর্ষ নেতা এবং পর্যায়ক্রমে বিএনপির ভাইস- চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব এবং জেলা বিএনপির নেতাদের জন্য আসন নির্ধারিত রয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

জনসভাস্থলে নেতাকর্মীদের একাংশ
প্রায় ৬ বছর পরে নাটোরে জনসভা করছেন বেগম খালেদা জিয়া। ২০০১ সালে নাটোর থেকে বিএনপির হয়ে ফজলুর রহমান পটল, কাজী গোলাম মোর্শেদ এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলু নির্বাচিত হলেও গোটা জেলা জুড়ে রয়েছে দুলুর একক আধিপত্য। জেলা বিএনপির শীর্ষ পদগুলো দখল করে আছে দুলুর স্ত্রী, ভাই এবং তার নিকট আত্মীয়রা। তার প্রভাব দেখা গেছে এই জনসভাকে ঘিরে। বিএনপির অন্য ৩ সাবেক এমপিদের ব্যানার বা ছবি সেই ভাবে দেখা না গেলেও দুলুর ছবিতে ছেঁয়ে গেছে নাটোর।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মঞ্চ পরিদর্শনে আসেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নাটোরের জনসভায় আন্দোলন সংগ্রামের জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য দেবেন।
নবাব সিরাজ উদদৌলা কলেজ মাঠে মঞ্চের বাম পাশে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ নাটোর জেলার পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। মাঠে প্রবেশের প্রধান গেটের ডান পাশে পৌর বিএনপির পক্ষ থেকে বিশুদ্ধ পানি এবং অযুর ব্যবস্থা করা হয়েছে।
পিএনএস/এন এস/শাহাদাৎ

