শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানাই : তথ্য উপদেষ্টা

  14-07-2026 04:22PM

পিএনএস ডেস্ক: ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, হাসিনা দেশে এসে হত্যা মামলার বিচারের মুখোমুখি হবেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় ডিসেম্বরে আসবেন বলে তিনি যে ঘোষণা দিয়েছেন, সেটিকে সরকারের পক্ষ থেকে স্বাগত জানাই। তিনি আসবেন, মামলা ফেস করবেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, আইসিটিতে অবজারভার রাখার ব্যবস্থা রয়েছে, সেখানে ভিডিও ক্যামেরা রাখা যায়। আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন যে তিনি অপরাধী নন, আদালত যদি তাকে অন্য কোনো শাস্তি দেয় বা খালাস দেয়, সেটাই হবে। সরকার চায় বিচার নিশ্চিত করতে। এজন্যই শেখ হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জুলাইকে নিশ্চিতভাবে ধারণ করে। জুলাইয়ে গণ-অভ্যুত্থান যে স্পিরিটের কারণে হয়েছে, তা মানুষের কাছে ছড়িয়ে দিতে চায় সরকার।

তিনি বলেন, ‘পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেটার ভিত্তিতেই কাজ করবে সরকার। সনদের যে সব ক্ষেত্রে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে, সেগুলো বিবেচনায় নেয়া হবে না।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন