পিএনএস ডেস্ক: বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত বহরের একটি গাড়ি লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশের সাধুর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতার চেষ্টা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সকালে ঢাকা থেকে সড়কপথে বাসে করে বরিশালের উদ্দেশে রওনা হন। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী বাসের ভেতর দাঁড়িয়ে রাস্তার দুই পাশে অপেক্ষমাণ বিপুলসংখ্যক জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করছিলেন। এমন উৎসবমুখর পরিবেশের মধ্যেই বহরের বাসের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনের অংশে হঠাৎ একটি ইটের টুকরা এসে পড়ে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বহরের একটি গাড়িতে ইটের টুকরা পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এটি কি মহাসড়কে চলমান অন্য কোনো গাড়ির টায়ারের ধাক্কায় ছিটকে এসেছে, নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ নিক্ষেপ করেছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে।
পুলিশ সুপার আরও জানান, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি আশ্বস্ত করেন।
পিএনএস/এএ
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্তে পুলিশ
14-07-2026 04:42PM

