দুই ম্যাচের জন্য নিষিদ্ধ ইংলিশ ডিফেন্ডার

  10-07-2026 01:09AM

পিএনএস ডেস্ক: বিশ্বকাপে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। ডিফেন্ডার জ্যারেল কোয়ানসাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফলে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের পাশাপাশি ইংল্যান্ড সেমিফাইনালে উঠলে সেই ম্যাচেও খেলতে পারবেন না তিনি।

২৩ বছর বয়সী কোয়ানসা মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৫৪তম মিনিটে হেসুস গাইয়ার্দোকে ট্যাকল করতে গিয়ে লাল কার্ড দেখেন। প্রথমে বলে স্পর্শ করলেও তার উঁচু হয়ে যাওয়া ডান পা গাইয়ার্দোর গায়ে আঘাত করে। ভিএআর পর্যালোচনার পর ইরানি রেফারি আলিরেজা ফাঘানি সরাসরি লাল কার্ড দেখান।

এই লাল কার্ডের কারণে তিনি আগেই নরওয়ের বিপক্ষে শনিবারের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন। এবার ফিফা নিশ্চিত করেছে, শাস্তি দুই ম্যাচ হওয়ায় ইংল্যান্ড সেমিফাইনালে উঠলে আর্জেন্টিনা বা সুইজারল্যান্ডের বিপক্ষেও তাকে পাওয়া যাবে না।

কোয়ানসার অনুপস্থিতিতে ইংল্যান্ডের কোচ থমাস টুখেলকে রক্ষণভাগে নতুন সমাধান খুঁজতে হবে। বিশেষ করে রাইটব্যাক পজিশন নিয়ে তার দুশ্চিন্তা আরও বেড়েছে।

এদিকে ইংল্যান্ড অধিনায়ক রিস জেমস এখনও হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। চোটের কারণে তিনি দলের শেষ তিনটি ম্যাচ খেলতে পারেননি এবং নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

বিশ্বকাপ শুরুর আগেই আরেক রাইটব্যাক টিনো লিভরামেন্তো চোটে ছিটকে যান। তার বদলি হিসেবে দলে ডাক পান মূলত সেন্টারব্যাক ট্রেভোহ চালোবা। গুরুত্বপূর্ণ নকআউট পর্বের আগে একের পর এক রক্ষণভাগের খেলোয়াড়কে হারানোয় ইংল্যান্ডের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন