নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী-পুলিশ গোলাগুলি, আহত ৮

  14-06-2026 11:34AM


পিএনএস ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় মাদক ব্যবসায়ীদের ইট পাটকেলের ঢিলে ৫ পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়েছে। সেই সঙ্গে এই ঘটনায় শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনিরসহ তিনজনকে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

আহতরা হলেন- এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন, কনস্টেবল আশিক। এছাড়া পথচারী হেলালউদ্দিম, ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিন আহত হয়েছেন। তাদের প্রত্যেককে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২টার দিকে এসআই নন্দন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল মাসদাইর গুদারাঘাট এলাকায় ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এ সময় ১৫ কেজি গাঁজাসহ ফাইটার মনির (৩৮) এবং তার দুই সহযোগী নাঈম (২৮) ও মাসুমকে (২৪) আটক করা হয়।

আটকের খবর ছড়িয়ে পড়লে মনিরের সহযোগী মাদক কারবারিরা তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা চালায়। পরে পুলিশের প্রতিরোধের মুখে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, “মাদকবিরোধী অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনিরকে তার দুই সহযোগীসহ বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের ছাড়িয়ে নিতে মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে বং ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশ শটগান থেকে দুই রাউন্ড গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়।”

তিনি আরো বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন