পিএনএস ডেস্ক: এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনেই ঝালকাঠির নলছিটি উপজেলার একটি কেন্দ্রে নিয়মিত পরীক্ষার্থীদের অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি পরীক্ষা শেষে জানাজানি হলে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন। পরে কেন্দ্র সচিবসহ ৫ জনকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
বৃহস্পতিবার (০২ জুলাই) আলিম পরীক্ষার প্রথম দিনে উপজেলার হদুয়া বৈশাখীয়া দাখিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে ৬৫ নিয়মিত পরীক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রশ্নপত্রে পরীক্ষা দেন। পরীক্ষা চলাকালে কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক কিংবা পরীক্ষার্থীদের কারও নজরে বিষয়টি আসেনি। পরীক্ষা শেষে প্রশ্নপত্র মিলিয়ে দেখার সময় গরমিলটি ধরা পড়ে।
এ ঘটনায় নলছিটি সিনিয়র ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থীরা বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন তাৎক্ষণিক তদন্ত করে কেন্দ্র সচিব মোহাম্মদ হোসাইনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তার স্থলে একই প্রতিষ্ঠানের বাংলা বিভাগের অধ্যাপক গাজী ফোরকান আহমদকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে কক্ষ পরিদর্শক নূরে শেফা রাখি মো. শহিদুল ইসলাম, মো. মাহমুদুল হাসান ও শাহ আলম তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিজভী আহমেদ সবুজ বলেন, বিষয়টি ঝালকাঠির জেলা প্রশাসক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডকে লিখিতভাবে জানানো হয়েছে। শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে পরীক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পিএনএস/মোআ
আলিম পরীক্ষায় নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, অতঃপর...
03-07-2026 02:02PM

