পিএনএস ডেস্ক: বরগুনা সদর উপজেলায় নিজ বাড়িতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এসময় তাদের উদ্ধার করতে গিয়ে বড় মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার আব্দুর রশিদের ছেলে মো. বেল্লাল (৪৫) এবং তার স্ত্রী মোসা. কমলা (৪০)। আহত হয়েছে তাদের বড় মেয়ে আরিফা (১২)।
স্থানীয় ও স্বজনরা জানান, বাড়িতে গরুর খামার নির্মাণ করছিলেন বেল্লাল। নির্মাণকাজ প্রায় শেষ হওয়ায় খামারের জন্য টিন কিনতে অটোরিকশা নিয়ে বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এসময় চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী কমলা এবং পরে তাদের বড় মেয়ে আরিফাও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে তিনজনকে উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেল্লাল ও কমলাকে মৃত ঘোষণা করেন। আহত আরিফাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে পরিবার জানিয়েছে।
নিহত বেল্লালের প্রতিবেশী ফিরোজা বলেন, সকালে চার্জে থাকা অটোরিকশা আনতে গিয়ে প্রথমে বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী ও মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক স্বামী-স্ত্রীকে মৃত ঘোষণা করেন।
বেল্লালের দুলাভাই মো. কবির বলেন, খবর পেয়ে হাসপাতালে এসে দেখি বেল্লাল ও তার স্ত্রী মারা গেছেন। তাদের বড় মেয়ে আহত হলেও চিকিৎসা নিয়ে এখন সুস্থ রয়েছে।
এ বিষয়ে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অপূর্ব কুমার চৌধুরী বলেন, সকালে বেল্লাল ও কমলা নামে দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রয়োজনীয় পরীক্ষা শেষে আমরা নিশ্চিত হয়েছি তাদের মৃত্যু হয়েছে। যেহেতু বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা শুনেছি তাই বিষয়টি পুলিশকে অবগত করেছি।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পিএনএস/রাআ
অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
06-07-2026 02:16PM

