ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ও সময় জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

  07-07-2026 03:26PM


পিএনএস ডেস্ক: আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ২০২৭ সালের অক্টোবরের মধ্যে সব ধাপের নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি রোডম্যাপ প্রণয়নের কাজ শুরু করেছে।

এ সময় গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ভোক্তাদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ সংক্রান্ত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য নিরাপত্তার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, খাদ্য উৎপাদন ও সংরক্ষণে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের খাদ্য ব্যবসায়ীদের তথ্যভান্ডার তৈরি করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্তের আশ্বাস দিয়ে তিনি বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী এটি সরাসরি ফৌজদারি অপরাধ নয়। ভবিষ্যতে এ ধরনের মন্তব্যকে অপরাধ হিসেবে গণ্য করা হবে কি না, সে বিষয়ে আলোচনা হতে পারে।


পিএনএস/মোআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন