পিএনএস ডেস্ক: রাজধানীর এফডিসি মোড় এলাকার একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) আগুন লাগার ঘটনায় শনিবার (১১ জুলাই) দুপুর থেকে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে এফডিসি মোড়ের কাছে অবস্থিত সাবস্টেশনটিতে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিপিডিসি সূত্র জানায়, সাবস্টেশনে আগুন লাগার কারণে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, পরীবাগ, মগবাজার, ইস্কাটনসহ আশপাশের এলাকায় দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থার মাধ্যমে কিছু এলাকায় ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে।
ডিপিডিসির এক পরিচালক জানান, ক্ষতিগ্রস্ত উপকেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা কাজ করছেন। পরিস্থিতি অনুকূলে থাকলে রাত ১০টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
পিএনএস/এএ
উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন রাজধানীর বিভিন্ন এলাকা
11-07-2026 07:21PM

