সুদীর্ঘ প্রতীক্ষার পর টেস্টম্যাচ জয়!

  27-10-2014 04:00PM

পিএনএস ডেস্ক : সুদূর আফ্রিকা মহাদেশের হারারে স্পোর্টস গ্রাউন্ডের পর স্বদেশের মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। ২৫ এপ্রিল ২০১৩ সালের পর ২৭ অক্টোবর ২০১৪। ১৮ মাসের দীর্ঘ অপেক্ষা শেষে টেস্ট ক্রিকেটে জয়ের মুখ দেখলো বাংলাদেশ।
সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম খেলার তৃতীয় দিনে নিজেদের টেস্ট ইতিহাসে পঞ্চম জয়ের আনন্দ উদযাপন করলো টাইগাররা। এদিন সফরকারী জিম্বাবুয়েকে তিন উইকেটে পরাস্ত করে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মুশফিক বাহিনী।
ঢাকা টেস্টে তাইজুল ইসলামের বোলিং রেকর্ড গড়ার দিনে বাংলাদেশের জয়টা হতে পারতো আনায়েস-সাধ্য। কিন্তু বাংলাদেশী ব্যাটসম্যানরা তা হতে দেয়নি। উপরন্তু মামুলি ১০১ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে কোনো রান না তুলতেই তিন উইকেট হারিয়ে স্বাগতিক সমর্থকদের হৃদয়ের ধুকপুকানি বাড়ায় তারা।
অবশ্য শেষ পর্যন্ত কোনো দুর্যোগ ঘটেনি। চতুর্থ উইকেটে জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের ৪৬ রানের অবস্থানে প্রাথমিক বিপর্যয় কাটায় বাংলাদেশ। বাকি পথটুকু বাংলাদেশকে এগিয়ে নেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমরা। রিয়াদ ২৮, সাকিব ১৫, মুশফিক ২৩ ও তাইজুল ১৫ রান করেন।
এর আগে রঙিন স্বপ্ন নিয়ে টেস্টের তৃতীয় দিন শুরু করা জিম্বাবুয়েকে ধসিয়ে দেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। প্রথম বাংলাদেশী হিসেবে এক টেস্টের এক ইনিংসে আট উইকেট নেয়ার কৃতিত্ব দেখান তিনি। ফলে জিম্বাবুয়ে তাদের দ্বিতীয় ইনিংসে ৩৫.৫ ওভারে ১১৪ রানে অলআউট হয়।
দ্বিতীয় ইনিংসে তাইজুলের ঘূর্ণির শিকার হন ভুসি সিবান্দা (১৪), রেজিস চাকাবা (১০), সিকান্দার রাজা (২৫), এলটন চিগম্বুরা (০), ক্রেইগ আরভিন (১০), তিনাশে পানিয়াঙ্গারা (০), তেনদাই চাতারা (৪) ও টি কামুনগোজি (০)। মজার বিষয় হলো ইনিংসের শুরু ও শেষের উইকেটটি তুলে নেন তাইজুল।
সফরকারীদের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত ছিলেন দলটির অধিনায়ক ব্রেন্ডন টেলর। ২৫ রান করেন সিকান্দার রাজা। আর এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৪০ রান করেছিল জিম্বাবুয়ে। সেই ইনিংসে সাকিব ছয় ছয়টি উইকেট শিকার করেন।
আর বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের ৬৪, মাহমুদুল্লাহ রিয়াদের ৬৩ ও মুমিনুল হকের ৫৩ রানের ওপর ভর করে ২৫৪ রান সংগ্রহ করেছিল। সেই ইনিংসে জিম্বাবুয়ের পক্ষে পাঁচটি উইকেট নিয়েছিলেন তিনাশে পানিয়াঙ্গারা। ২৩ ওভারে ৫৯ রান দিয়ে এই উইকেট শিকার করেন জিম্বাবুয়ান পেসার।

ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন এই ম্যাচে অসাধারণ বোলিং করা তাইজুল ইসলাম। বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে তিনি পনের'শ ডলার পুরস্কার হিসেবে পান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রিজে থাকা অবস্থায় তার মনের ভিতর কি হচ্ছিল জানতে চাইলে তিনি বলেন, 'উল্টাপাল্টা কিছু না করে মুশফিক ভাইকে সাপোর্ট দেয়া'।


পিএনএস/এন এস/শাহাদাৎ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন