গুরুদাসপুরে এক রাতে ১২ সেচ পাম্প চুরি, দুশ্চিন্তায় চাষিরা

  27-06-2026 11:26AM


পিএনএস ডেস্ক: নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক রাতের ব্যবধানে ১২টি সেচ পাম্প চুরির ঘটনা ঘটেছে। আমন মৌসুমের শুরুতেই এমন পরিস্থিতিতে কীভাবে জমি সেচ দেবেন, সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। তারা জানান, অনেকেই ঋণ নিয়ে কিংবা দীর্ঘদিনের সঞ্চয় ভেঙে পাম্পগুলো কিনেছিলেন। এখন নতুন করে পাম্প কেনা তাদের পক্ষে অসম্ভব।

স্থানীয় কৃষকরা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষিজমিতে স্থাপিত সেচ পাম্প দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। শুক্রবার (২৬ জুন) ভোরে জমিতে গিয়ে সেচ দেওয়ার প্রস্তুতি নিতে গিয়ে পাম্প না পেয়ে হতবাক হয়ে পড়েন কৃষকরা। পরে একে একে বিভিন্ন এলাকা থেকে একই ধরনের চুরির খবর ছড়িয়ে পড়লে তাদের মধ্যে আতঙ্ক আরো বেড়ে যায়।

আমন মৌসুমে সময়মতো সেচ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাম্প চুরি হয়ে যাওয়ায় জমিতে সেচ দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে সময়মতো চাষাবাদ ব্যাহত হলে উৎপাদনও ক্ষতিগ্রস্ত হতে পারে। চাষিরা দ্রুত চুরি হওয়া পাম্প উদ্ধার এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

ক্ষতিগ্রস্ত কৃষক শাহিন আলম বলেন, ‍“প্রতিটি সেচ পাম্পের বাজারমূল্য প্রায় ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা। সে হিসেবে এক রাতেই কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। অনেকেই ঋণ নিয়ে কিংবা দীর্ঘদিনের সঞ্চয় ভেঙে এসব পাম্প কিনেছিলেন।”

অপর কৃষক বদর উদ্দিন বলেন, “পাম্প চুরি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছি। এখন নতুন করে পাম্প কেনা অসম্ভব।”

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি বিভিন্ন এলাকায় কৃষি যন্ত্রপাতি, মোটর, বৈদ্যুতিক সরঞ্জামসহ নানা ধরনের চুরির ঘটনা বেড়ে গেছে। রাতের বেলায় পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় সংঘবদ্ধ চোরচক্র এসব অপরাধ সংঘটিত করছে বলে তাদের ধারণা। গ্রামীণ এলাকায় পুলিশের রাতের টহল বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ স্থানে নজরদারি জোরদার করা হলে এ ধরনের অপরাধ অনেকটাই কমে আসবে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইফতেখার আলম বলেন, “গুরুদাসপুরে কৃষকদের সেচ পাম্প চুরির ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে চুরি হওয়া সেচ পাম্প উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।”


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন