পিএনএস ডেস্ক : দীর্ঘদিন ধরে আটকে থাকা দেশের বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতার টাকা পুনরায় দেওয়া শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই স্বস্তিদায়ক তথ্য নিশ্চিত করেন। ২০২২ সালের পর থেকে নানা প্রশাসনিক ও আর্থিক জটিলতায় এই ভাতা দেওয়া সম্পূর্ণ বন্ধ ছিল।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের জানান, বিগত ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতার ঐতিহাসিক ব্যবস্থা করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে ২০২২ সালের পর থেকে শিক্ষকদের এই পাওনা অনুদানগুলো আর দেওয়া হচ্ছিল না।
তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ে এই খাত থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিভিন্ন বেসরকারি ব্যাংকে রেখে সম্পূর্ণ নষ্ট করা হয়েছে, যার কারণে হাজার হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক চরম অর্থকষ্টে দিনাতিপাত করছেন।
শিক্ষকদের এই বকেয়া পাওনা ভাতা পুনরায় চালুর বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষকদের কষ্ট দূর করতে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ২ হাজার কোটি টাকার একটি বিশেষ থোক বরাদ্দ পাওয়া গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বর্তমানে যে নিজস্ব অর্থ সংকুলান রয়েছে এবং নতুন প্রাপ্ত এই থোক বরাদ্দ মিলিয়ে বঞ্চিত শিক্ষকদের বকেয়া টাকা পর্যায়ক্রমে দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অতি দ্রুত শিক্ষকদের এই টাকার ব্যবস্থা করার জন্য সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন, কারণ শিক্ষকরা সমাজে অবহেলিত থাকবেন, এটি কোনোভাবেই হতে দেওয়া যায় না। এই প্রক্রিয়াটির প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং সম্পূর্ণ গুছিয়ে আনতে মাস খানেক সময় লাগবে, যার পর একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ২০২২ সাল থেকে যারা ভাতা পাননি, তাদের আংশিক দিয়ে হলেও বকেয়া পরিশোধের যাত্রা শুরু হবে।
জাতীয় বাজেট প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর শিক্ষা খাতে মোট বাজেট জিডিপির ২ শতাংশ হলেও আগামী ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষা খাতের বাজেট হবে দেশের ইতিহাসের সর্বোচ্চ, যা টাকার অঙ্কে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা। পর্যায়ক্রমে শিক্ষা খাতের এই বরাদ্দকে মোট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার সুদূরপ্রসারী লক্ষ্য রয়েছে সরকারের।
তিনি আরও জানান, আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ, কারিগরি শিক্ষার সামগ্রিক উন্নয়ন ও নতুন শিক্ষাবর্ষের বই ছাপানোসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে খোঁজখবর নিয়েছেন এবং এসব বিষয়ে আগামী দু-এক দিনের মধ্যে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য দেশবাসীকে জানানো হবে।
পিএনএস/এএ
শিক্ষকদের অবসর ভাতা নিয়ে সুখবর
04-06-2026 06:17PM

