একসঙ্গে মরার সিদ্ধান্তে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালালেন প্রেমিকা

  17-07-2026 05:17PM

পিএনএস ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে এক প্রেমিক যুগলের আত্মহত্যার পরিকল্পনা শেষ মুহূর্তে নাটকীয় মোড় নিয়েছে। একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্ত নিয়ে যমুনা নদীর সেতুতে গেলেও শেষ পর্যন্ত নদীতে ঝাঁপ দেন শুধু প্রেমিক। আর প্রেমিকা দাঁড়িয়ে পুরো ঘটনা দেখার পর শান্তভাবে সেখান থেকে চলে যান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ডুবুরি ও পুলিশের যৌথ অভিযানে নদী থেকে ওই যুবককে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রেমিক-প্রেমিকা আগে থেকেই একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন। পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যেই তারা সেতুতে যান। সেখানে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেদের মধ্যে কথাবার্তাও বলেন।

এরপর পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা নামে ওই যুবক যমুনা নদীতে ঝাঁপ দেন। তবে তার প্রেমিকা শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ফেলেন। তিনি নদীতে ঝাঁপ না দিয়ে প্রেমিককে পানিতে তলিয়ে যেতে দেখেন এবং কিছুক্ষণ পর সেতু ছেড়ে হেঁটে বাড়ির উদ্দেশে চলে যান।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালায়। স্থানীয় ডুবুরিদের সহায়তায় নদী থেকে যুবককে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার প্রকৃত কারণ এবং প্রেমিক যুগলের পারিবারিক ও ব্যক্তিগত পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ।

যুবকের লাফ দেওয়ার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয় ডুবুরি দল। তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন তারা। বেশ কিছুক্ষণের চেষ্টার পর আনু গুপ্তাকে নদী থেকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা ও আইনি প্রক্রিয়া শেষে আনু গুপ্তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

ঘটনার আসল কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে, ওই যুবকের সঙ্গে থাকা তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন