আহমেদিনেজাদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যোগসাজশের অভিযোগ

  13-07-2026 08:34PM

পিএনএস ডেস্ক: ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ উঠেছে। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তদন্তে এ সংক্রান্ত উল্লেখযোগ্য প্রমাণ মিলেছে। এরপর থেকেই তাকে গৃহবন্দি করে রেখেছে ইরানের গোয়েন্দা সংস্থা।

সোমবার (১৩ জুলাই) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির চারজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, আইআরজিসির গোয়েন্দারা আহমেদিনেজাদের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। এ কারণেই তাকে গৃহবন্দি অবস্থায় রাখা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েল বছরের পর বছর ধরে আহমেদিনেজাদকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করার চেষ্টা চালিয়ে আসছিল। এমনকি তার শাসনামলের পর তাকে ইরানপন্থি একজন প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনাও ছিল তাদের।

বুদাপেস্টে গোপন বৈঠকের ঘটনা

২০২৪ সালের শুরুর দিকে এক অস্বাভাবিক ঘটনা ঘটে। হাঙ্গেরি আহমেদিনেজাদকে বুদাপেস্টে একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে আমন্ত্রণ জানায়। কিন্তু আসল উদ্দেশ্য ছিল ভিন্ন। সম্মেলনের আড়ালে মোসাদের তৎকালীন প্রধান ডেভিড বারনিয়ার সঙ্গে তার গোপন সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছিল।

লুডোভিকা ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিসের রেক্টর গেরগেলি ডেলি জানিয়েছেন, একজন উচ্চপদস্থ হাঙ্গেরীয় কর্মকর্তা তাকে আহমেদিনেজাদকে আমন্ত্রণ জানাতে অনুরোধ করেন। তাকে স্পষ্টভাবে বলা হয় যে, সম্মেলনের আড়ালে আহমেদিনেজাদের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তাদের গোপন আলোচনা হবে। নিজের ও বিশ্ববিদ্যালয়ের সুনাম নিয়ে উদ্বেগ থাকলেও শেষ পর্যন্ত তিনি আমন্ত্রণ জানাতে রাজি হন।

সাবেক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ডেভিড বারনিয়া নিজে বুদাপেস্টে গিয়ে আহমেদিনেজাদের সঙ্গে দেখা করেছিলেন।

পরবর্তী সময়ে ইসরায়েল আহমেদিনেজাদের মুখপাত্র আলী আকবর জাভানফেকরকে একাধিক দফায় গোপনে অর্থ দিয়েছে বলেও দাবি করা হয়েছে। ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু হওয়ার আগে তাদের মধ্যে আরও কয়েক দফা সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

আইআরজিসির গোয়েন্দা শাখা এখন আহমেদিনেজাদকে হেফাজতে নিয়ে গৃহবন্দি করে রেখেছে।

তবে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এ বিষয়ে মোসাদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। আহমেদিনেজাদের মুখপাত্র আলী আকবর জাভানফেকরও এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি।

সূত্র: নিউইয়র্ক টাইমস

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন