পিএনএস ডেস্ক: সড়ক ও পরিবহণ ও রেলপথ মন্ত্রী শেখ মো. রবিউল আলম বলেছেন, দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করার উদ্যােগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রবিউল আলম বলেন, ‘এই মুহূর্তে আমাদের দেশের ৫০টি জেলায় রেল যোগাযোগ আছে। আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল দেশের ৬৪ জেলায় রেলসংযোগ চালু করা। সেই লক্ষ্যে দেশের নতুন ১০ জেলায় রেল সংযোগ চালুর উদ্যােগ হিসেবে সম্ভাব্য রুট নিয়ে একটি প্রেজেন্টেশন হয়েছে। তার মানে আমরা আরও ১০টি জেলাকে রেল সংযোগের আওতায় আনতে চাই।’
তিনি বলেন, ‘এটা বাস্তবায়ন করতে সরকার প্রকল্প গ্রহণ করবে। প্রাথমিকভাবে আমরা ঢাকা-মানিকগঞ্জ রেল সংযোগের সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা থেকে সবাই যেন পাশের জেলাগুলোতে দ্রুততম সময়ে যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা একইসঙ্গে রেলপথ তৈরির পাশাপাশি লোকমোটিভ আনতে চাই। যাতে রেল সংযোগের কাজ শেষ হলেই রেল চলাচল সম্ভব হয়। এর আগে রেল লাইন প্রস্তুত হলেও লোকমোটিভ থাকতো না। আমরা সেই জায়গা থেকে বের হয়ে এসেছি।’
পিএনএস/এএ
নতুন ১০ জেলায় রেলসেবা সম্প্রসারণের উদ্যোগ সরকারের
16-06-2026 06:16PM

