দর্শনা সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

  14-06-2026 01:48AM

পিএনএস ডেস্ক: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে জুলফিকার আলী (২২) নামে এক বাংলাদেশি যুবককে প্রকাশ্যে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৩ জুন) সন্ধ্যার আগে দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন ৭৬ নম্বর সীমান্ত মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক জুলফিকার আলী দর্শনা জয়নগর গ্রামের কালু মৌলভীর ছেলে। তিনি দর্শনা পৌর এলাকার রামনগরের একটি বিস্কুট কারখানায় কর্মরত।

স্থানীয়দের দাবি, শনিবার সন্ধ্যায় কয়েকজন সঙ্গীকে নিয়ে সীমান্তবর্তী এলাকায় গেলে দর্শনা-গেদে চেকপোস্টের মাঝামাঝি স্থান থেকে গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। এ সময় জুলফিকারের সঙ্গে থাকা আরও দুই-তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও তাকে মারধর করতে করতে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়।

তবে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে- জয়নগর গ্রামের কয়েকজন যুবক জিরো পয়েন্ট এলাকায় গিয়ে দর্শনা-গেদে রেলপথের নিরাপত্তা বেষ্টনীর কিছু অংশ খোলার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ সদস্যরা অভিযান চালিয়ে জুলফিকারকে আটক করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, আটক জুলফিকার আলীকে ভারতীয় থানায় সোপর্দ করা হতে পারে বলে তারা জানা গেছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন