পিএনএস ডেস্ক: মাত্র এক মিনিটের টর্নেডোর তাণ্ডবে ফেনীর সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামের চিরচেনা দৃশ্যপট পাল্টে গেছে। ঝড়ে বসতঘর উড়ে গেছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে, উপড়ে গেছে অসংখ্য গাছ। মুহূর্তের এই তাণ্ডবে অন্তত ৩৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসেবে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানান, বিকট শব্দে হঠাৎ টর্নেডো বয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। টর্নেডোর আঘাতে চারটি বৈদ্যুতিক খুঁটি, শতাধিক গাছপালা এবং ২০টির মতো ছোট-বড় ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৩৫টি পরিবারের বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হঠাৎ ঘরবাড়ি, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।
বৃদ্ধ সাহাব উদ্দিন জানান, তার ৭০ বছরের জীবনে এমন টর্নেডো আর দেখেননি। তিনি বলেন, হঠাৎ করে যেন কেয়ামত নেমে এসেছিল।
মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়েছি। ক্ষতিগ্রস্তদের দুর্দশা দেখেছি। তাদের সরকারি সহায়তার জন্য উপজেলা প্রশাসনকে জানিয়েছি।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন কাজ করে যাচ্ছে।
পিএনএস/এএ
সোনাগাজীতে এক মিনিটের টর্নেডোতে লন্ডভন্ড ৩৫ পরিবার
19-07-2026 09:14PM

