অভয়নগরে যুবদল নেতাকে পিটানোর প্রতিবাদে বিক্ষোভ

  18-07-2026 11:32PM

পিএনএস ডেস্ক: যশোরের অভয়নগরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক ও শ্রমিক নেতা আতাউর রহমান আতাকে (৪৬) পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। তার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। মাদক কারবারিরা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করছেন স্থানীয় নেতারা।

শনিবার (১৮ জুলাই) বিকেলে নওয়াপাড়া স্টেশনবাজার এলাকায় আতাউর রহমান আতার ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

হামলাকারী মাদক করাবারিদের আটকের দাবিতে নওয়াপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা। অন্যদিকে, এ হামলার প্রতিবাদ ও আসামিদের আটকের দাবিতে রবিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নৌবন্দরের সকল ঘাটে লোড-আনলোড বন্ধের আহ্বান জানিয়েছে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন।

আতাউর রহমান আতা নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক এবং অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক। তিনি নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকারা গ্রামের নেছার উদ্দীন খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সামনে দাঁড়িয়ে ছিলেন আতাউর রহমান আতা। এ সময় চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি রুহুল আমিনের নেতৃত্বে ২৫-৩০ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে আতাউর রহমানকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। পরে তারা আতাউরের ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় আতাউর রহমান আতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বলেছেন, “শুনেছি, মাদক কারবারি রুহুল আমিনের নেতৃত্বে পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতার ওপর হামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। হামলার প্রতিবাদ ও জড়িতদের আটক করার দাবিতে নওয়াপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করা হয়েছে।”

অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ রানা জানিয়েছেন, সংগঠনের যুগ্ম সম্পাদকের ওপর হামলাকারীদের আটকের দাবিতে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নৌবন্দরের সকল ঘাটে লোড-আনলোড বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেছেন, “পৌর যুবদলের আহ্বায়কের ওপর হামলা এবং তার ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন