পিএনএস, বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার গুচ্ছগ্রাম পুকুর থেকে তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। খেলতে গিয়ে পুকুরে নেমে অসাবধানতায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হৃদয় বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারানোর বেদনায় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা গুচ্ছগ্রামের রাশেদুল ইসলামের পুত্র জাকিরুল (৬), ফারুক মন্ডলের দুই সন্তান ফাইম (৮) ও সুরাইয়া (৫)। আইনগত প্রক্রিয়া শেষে তাদের দাফনের ব্যবস্থা করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভালতা গুচ্ছগ্রামের তিন শিশু ঘটনার আগে সকাল দশটার দিকে খেলতে বের হয়। দু'ঘন্টা পরও তারা বাড়ি ফেরেনি। দুপুর ১টার দিকে সেখানকার একটি পুকুরের পানিতে শিশু জাকিরুলের নিথর দেহ ভাসতে দেখেন জনৈক সালমা খাতুন। তার চিৎকারে পাড়া প্রতিবেশীরা ছুটে গিয়ে শিশুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। আরও দুই শিশু নিখোঁজ থাকার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে উদ্ধার কাজ শুরু করে। পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার হয় শিশু ফাইম ও সুরাইয়া।
স্থানীয়রা জানান, নিহত ভাই বোনকে দেখাশোনা করতেন তাদের নানী। পরিবারের জীবিকা নির্বাহের জন্য মা বিভিন্ন স্থানে কাজ করে। তাদের বাবা দীর্ঘদিন ধরে পরিবার বিচ্ছিন্ন। একসঙ্গে থাকেন না, তাদের ভরণপোষণও দেন না।
কাহালু থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের শেষে দাফনের ব্যবস্থা করা হয়।
পিএনএস/এএ
কাহালুতে পুকুরে ভাসছিল ৩ শিশুর নিথর দেহ
21-07-2026 06:34PM

