পিএনএস ডেস্ক : মাদারীপুরের শিবচরে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মোড়লকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। তারা একটি বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন।
নিহতরা হলেন- মোড়লকান্দি এলাকার খায়রুল মাদবরের স্ত্রী রিমি বেগম (৩৫) ও হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার (৯)। নিহতরা সম্পর্কে চাচি-ভাতিজি।
দুর্ঘটনায় আহতরা হলেন- ভ্যানচালক লিটন (১৯) ও নিহত আয়শার মা মাহিমা আক্তার (৩৫)। এ ছাড়াও ভ্যানে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। তারা সবাই দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার বাসিন্দা। ভ্যানচালক লিটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলেন তারা। এ সময় দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মোড়লকান্দি মোড়ে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের বহনকারী ভ্যানের ধাক্কা লাগে। এতে ভ্যানটি ছিটকে পড়ে গুরুতর আহত হন যাত্রীরা। পরে তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিমি ও আয়শাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিএনএস /এএ
শিবচরে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২
03-07-2026 06:26PM

