৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা!

  04-07-2026 01:39PM


পিএনএস ডেস্ক: সিলেটে একটি সরকারি অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে উদ্দেশ করে মাত্র তিন মিনিটের বক্তব্যে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন করেছেন সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে গিয়ে প্রায় তিন মিনিটের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় প্রতিটি বাক্যেই তিনি মন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করেন।

পরে ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এটিকে অতিরিক্ত তোষামোদ হিসেবে মন্তব্য করেন। আবার কেউ সরকারি কর্মকর্তাদের বক্তব্য উপস্থাপনের ধরন ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতি নিয়েও প্রশ্ন তোলেন।

এ বিষয়ে সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল কালবেলাকে বলেন, ‘তিন মিনিটের বক্তব্যে ‘স্যার’ শব্দটি বারবার বলা কোনো উদ্দেশ্যপ্রণোদিত বিষয় নয়। এটি আমার দীর্ঘদিনের অভ্যাস এবং শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ। আমি সবসময় সিনিয়র ও অগ্রজদের প্রতি সম্মান জানিয়ে এভাবেই সম্বোধন করি।’

তিনি আরও বলেন, “বক্তব্য দেওয়ার সময় অভ্যাসবশত ‘স্যার’ শব্দটি বেশি এসেছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কে কী বলছেন, সেটি তাদের বিষয়। তবে আমার উদ্দেশ্য ছিল কেবল বিনয়ের সঙ্গে একজন সিনিয়রকে সম্মান জানানো।”



পিএনএস/মোআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন