পিএনএস, বেনাপোল (যশোর) প্রতিনিধি :যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরবাইক চালকসহ দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল হোসেন (৩০) গুরুতর আহত হন। এছাড়াও ট্রলি চালক রুদ্রপুর গ্রামের আমিরুল ইসলাম ও তার সহকারি নিরব হোসেন আহত হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার রুদ্রপুর গ্রামের ‘সালামের মোড়’ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শার্শা থানার ওসি শামিনুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে আর্জেন্টিনা ও স্পেন ফুটবল ম্যাচ দেখার পর ভোরে উষা, নাহিদ ও রুবেল একটি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে আসছিলেন। অন্যদিকে, ইটভাটা থেকে দ্রুতগতিতে ট্রলি নিয়ে গোগার দিকে যাচ্ছিলেন টলি চালক আমিরুল। রুদ্রপুরের সালামের মোড় এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে উভয় চালকই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা উষা ও নাহিদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত মোটরসাইকেলের অপর আরোহী রুবেল, ট্রলি চালক ও তার সহকারিকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠায়।
শার্শা থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল কুমার জানান, ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাপাচি মোটরসাইকেল ও ট্রলিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
পিএনএস/এএ
যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
20-07-2026 05:54PM

