পিএনএস ডেস্ক: নড়াইল সদর উপজেলার এক গ্রামে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে শিশুটিকে তার বাবা বাড়ির পাশের দোকান থেকে চানাচুর কিনে দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু শিশুটি চানাচুর নিয়ে বাড়ি ফিরে না আসায় সন্ধ্যায় স্বজনরা খুঁজতে থাকেন। একপর্যায়ে তাকে প্রতিবেশী রবিউল ইসলাম রবির (৩৫) ঘরের মধ্যে কাথা জড়ানো অবস্থায় পাওয়া যায়। এ সময় রবিউল বাড়িতে ছিলেন না। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর বলেন, মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে রবিউল ইসলাম রবির সম্পৃক্তার কথা নিশ্চিত হওয়া গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পিএনএস/রাআ
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যা
21-07-2026 03:01AM

