দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা

  20-07-2026 11:41PM

পিএনএস ডেস্ক: দিল্লির যন্তর মন্তরে গিয়েছিলেন বলিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী শাবানা আজমি। ককরোচ জনতা পার্টির এই আন্দোলনে সমর্থন দিয়েছেন তিনি। অনশনরত শিক্ষার্থীদের কাউকে জড়িয়ে ধরে আদর করেছেন, কারও হাতে চুমু দিয়ে সাহস জুগিয়েছে। তাদের দাবি যাতে মেনে নেওয়া হয়, কেন্দ্রের কাছে রেখেছেন সেই আহ্বান। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান এই শিল্পী। সেই ভিডিও আর ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অর্ধচেতন অবস্থায় শাবানাকে ধরে নিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। ঘেমে গেছেন অভিনেত্রী। আরেক ভিডিওতে দেখা গেছে, এক শিক্ষার্থী দরজা খুলতে বলছেন নিরাপত্তারক্ষীদের। দরজা খোলার পর ফ্যানের নিচে নিয়ে গিয়ে শাবানাকে বসানো হয়েছে।

যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনে শাবানাও যোগ দিয়েছিলেন। সোমবার ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, মহাত্মা গান্ধীর পথ অনুসরণ করেই তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। এও স্পষ্ট করে দেন, হিংসা বা অশান্তি তৈরি করা আন্দোলনকারীদের উদ্দেশ্য নয়। শাবানার কাছে জানতে চাওয়া হয়, কেন বলিউডের শিল্পীরা আসছেন না এই আন্দোলনে। তখন অভিনেত্রী পাল্টা প্রশ্ন করে বলেন, ‘এই প্রশ্ন কেন শিল্পপতিদের বা ব্যবসায়ীদের করা হয় না?’

অসুস্থ হয়ে পড়লেও আন্দোলনস্থল ছেড়ে যাননি শাবানা। যন্তর মন্তর থেকে সোমবার সন্ধ্যায় পর পর ভিডিও করে জানান দিয়েছেন, তিনি এই আন্দোলনে থাকছেন। নিজের বাবা কাইফি আজমীর লেখা কবিতার মাধ্যমেও প্রতিবাদ জানান তিনি। আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য অনুরাগীরা ৭৫ বছর বয়সী এই অভিনেত্রীর প্রশংসা করছেন।

উল্লেখ্য, শাবানা সোমবার সকালে জানিয়েছিলেন, তার স্বামী কবি জাভেদ আখতারও এই আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থনে দিয়েছেন। তিনি ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন