জুলাই সনদ বাস্তবায়নে সংসদ-রাজপথে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা ১১ দলীয় নারীদের

  21-07-2026 01:03AM

পিএনএস ডেস্ক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে এ বিষয়ে সংসদ ও রাজপথে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন ১১ দলীয় ঐক্যের নারী নেত্রীরা।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সোমবার (২০ জুলাই) রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ ঘোষণা দেন। তারা বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে জুলাইয়ের চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রতি অবিচার করা হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি (প্রচার ও মিডিয়া) সংসদ সদস্য নাজমুন নাহার নিলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আলোচনা সভাটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি সংসদ সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সংসদ সদস্য মারজিয়া বেগম। সভার উদ্বোধন করেন শিশু শহীদ জাবির ইবরাহিমের মা সংসদ সদস্য রোকেয়া বেগম।

তাসমিয়া প্রধান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন এবং পরে গণভোটে জনগণ এর পক্ষে রায় দিয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি গণপরিষদের শপথ না নিয়ে জুলাই সনদের সঙ্গে ‘প্রথম বেইমানি’ করেছে। গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজন হলে নতুন আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সরকারের উদ্দেশে তাসমিয়া প্রধান বলেন, জুলাই সনদকে অবৈধ বলা হলে সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়বে। তিনি সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান।

সভায় জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাইদা রুম্মান বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান সংসদ ও সরকার গঠিত হলেও জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা চলছে। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন বলেন, জুলাই গণহত্যা, শাপলা ট্র্যাজেডিসহ সব আত্মত্যাগের মূল্য দিতে হবে। গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে সরকারের প্রতিশ্রুতি প্রমাণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও জাতীয় নারী শক্তির সদস্যসচিব সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেন, আবু সাঈদ, মুগ্ধসহ পরিচিত শহীদদের পাশাপাশি নারী শহীদদেরও সমানভাবে স্মরণ ও সম্মান জানাতে হবে।

সভাপতির বক্তব্যে মারজিয়া বেগম বলেন, জুলাই বিপ্লব ছিল বৈষম্যের বিরুদ্ধে সামগ্রিক পরিবর্তনের আন্দোলন। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা এখন সময়ের দাবি। তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে আমরা সংসদে ও রাজপথে ঐক্যবদ্ধ থাকবো।’

আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দল, নারী সংগঠন, শহীদ পরিবারের সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন