পিএনএস ডেস্ক: ইরানের সঙ্গে সংঘাত শুরুর প্রায় ১০০ দিন পরও দ্রুত অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সমালোচনার জবাবে তিনি ভিয়েতনাম যুদ্ধের উদাহরণ টেনে বলেছেন, ‘ভিয়েতনাম যুদ্ধ চলেছিল ১৯ বছর, আমি মাত্র তৃতীয় মাসে আছি।’
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন কথা বলেন। শুক্রবার ধারণ করা সাক্ষাৎকারটির একটি অংশ প্রকাশ করেছে এনবিসি। পুরো সাক্ষাৎকার সম্প্রচার হওয়ার কথা আগামী রোববার।
ইরান যুদ্ধ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি খুব দ্রুত এগোচ্ছি। দেখুন ভিয়েতনাম যুদ্ধ ১৯ বছর চলেছিল। আর আমি মাত্র তৃতীয় মাসে আছি।’
ট্রাম্পের এই মন্তব্যের মধ্যেই শুক্রবার হরমুজ প্রণালির দিকে ড্রোন পাঠিয়েছে ইরান। এতে দেশটি আদৌ কোনো চুক্তি করতে চায় কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘এটি তাদের জন্য খুবই কঠিন বিষয়। তারা দীর্ঘদিন ধরে ব্যাপক স্বাধীনতা ভোগ করেছে। সত্যি বলতে, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের পক্ষ থেকে তারা খুব দুর্বল ও অকার্যকর নেতৃত্বের মুখোমুখি হয়েছে।’
সাক্ষাৎকারের পর উইসকনসিনে এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প জানান, এনবিসির সঙ্গে আলাপের সময় তিনি কিছুটা বিরক্ত হয়েছিলেন। তিনি বলেন, ‘বৃষ্টি হচ্ছিল বলে আমি তাদের ওপর একটু রেগে গিয়েছিলাম।’
সাক্ষাৎকার চলাকালে অনুষ্ঠানস্থলের ছাদে প্রবল বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। পরে ট্রাম্প বলেন, ‘আমি এতে খুশি ছিলাম না, কিন্তু আমরা ভালো সময় কাটিয়েছি।’ একই সঙ্গে তিনি এনবিসিকে ‘ফেক নিউজ’ বা ভুয়া সংবাদমাধ্যম বলেও মন্তব্য করেন। সূত্র: সিএনএন
পিএনএস/এমএইউ
ভিয়েতনাম যুদ্ধ ছিল ১৯ বছর, আমি মাত্র ৩য় মাস: ইরান প্রসঙ্গে ট্রাম্প
06-06-2026 01:39PM

