ইরানের হামলার পর গাজার সব পথ বন্ধ করল ইসরায়েল

  08-06-2026 01:48PM

পিএনএস ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গাজায় প্রবেশের সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সীমান্তপথ বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটি।

এক বিবৃতিতে ইসরায়েলি সরকারি সংস্থা দ্য কো-অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটোরিজ (কোগাট) বলেছে, ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে বেশ কিছু প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজা উপত্যকায় প্রবেশের সব ক্রসিং বন্ধ রাখা। এর মধ্যে কারেম আবু সালেম এবং রাফা সীমান্ত ক্রসিংও রয়েছে।

এর আগে, স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ১১টার দিকে ইসরায়েল লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে এ হামলা চালানো হয়েছে।

যদিও ইসরায়েলি সেনাবাহিনী জানায়, প্রথম ধাপের সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। হামলার পর তাৎক্ষণিক স্কুলসহ যাবতীয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন