জনস্বার্থেই আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে সিদ্ধান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী 

  08-06-2026 01:58PM


পিএনএস ডেস্ক: আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে সরকার কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যেই সরকারের সিদ্ধান্ত জানানো হবে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও দুই দিন সময় চাওয়া হয়েছিল। তবে বিষয়টি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আগামীকালই সরকারের সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সরকার এ ঘটনায় আইনজীবী নিয়োগ করে প্রতিবেদন ও সিদ্ধান্তের বিষয়ে প্রয়োজনীয় আইনি সুপারিশ নেবে। অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিজস্ব আইনজীবীর মাধ্যমে নিহত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিলে সেটি তাদের বিষয়। তবে ক্ষতিপূরণের বিষয়টি সরকারের সিদ্ধান্তকে কোনোভাবেই প্রভাবিত করবে না।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আসন্ন ডেঙ্গু মৌসুম মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় স্যালাইনের মজুত নিশ্চিত করা হয়েছে এবং বর্তমানে সরকারের কাছে পর্যাপ্ত স্যালাইন রয়েছে।

হামের টিকাদান কার্যক্রম নিয়ে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে টিকাদানে ঘাটতির কারণে হামে শিশুমৃত্যুর ঘটনা বেড়েছে বলে যে মন্তব্য তিনি সংসদীয় কমিটির কাছে করেছিলেন, সেটি বাস্তবতার ভিত্তিতেই করা হয়েছিল। তবে বর্তমানে সরকার টিকাদান কার্যক্রম জোরদার করে হাম নিয়ন্ত্রণ ও নির্মূলের লক্ষ্যে কাজ করছে।

ওষুধশিল্প খাতের অগ্রগতির কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। রপ্তানির পরিধি আরও বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে এবং এ জন্য বেসরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

আদ্-দ্বীন হাসপাতালের নবজাতক মৃত্যুর ঘটনায় সরকারের সিদ্ধান্তের দিকে এখন সংশ্লিষ্ট পরিবার ও জনমনে বিশেষ নজর রয়েছে। আগামীকালের ঘোষণায় এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট হতে পারে।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন