সরকারি হাসপাতালে জন্ম নিলেই উপহার সোনার আংটি!

  25-06-2026 02:08AM

পিএনএস ডেস্ক: তামিলনাড়ুর সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে সোনার আংটি উপহার দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তামিল সুপারস্টার বিজয়। ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে এই প্রকল্পে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রত্যেক শিশুকে এক গ্রাম ওজনের সোনার আংটি উপহারের ঘোষণা দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’-এর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই ছিল এই প্রকল্প।

তামিল সমাজে ‘থাই মামান সির’ নামে একটি প্রচলিত রীতি রয়েছে। সেখানে নবজাতককে আশীর্বাদ ও উপহার দেন তার মামা। সেই সাংস্কৃতিক ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে সরকার এই প্রকল্প চালু করতে চলেছে বলেই দাবি করেছে তামিলনাড়ু রাজ্যে প্রশাসন।

এই কর্মসূচির জন্য বছরে ৭৫৫ দশমিক ৮৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নবজাতকদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তামিল সংস্কৃতির ঐতিহ্যকে আরো শক্তিশালী করাও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।

মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন ২২ জুন ২০২৬ থেকে সরকারি হাসপাতালে জন্মানো সব শিশুই এই প্রকল্পের আওতায় আসবে। তবে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন হবে আগামী ১৫ সেপ্টেম্বর, সাবেক মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে।

রাজ্য প্রশাসনের বক্তব্য, শিশুদের প্রতি স্নেহ ও দায়িত্ববোধের প্রতীক হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের অন্যতম ব্যতিক্রমী জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে এটিকে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন