পিএনএস ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোটে পৃথক দুই ট্রেনের যান্ত্রিক বিপর্যয় ও লাইনচ্যুতির ঘটনায় সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে একাধিক ট্রেন, ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলার হাসানপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক।
রেলওয়ে সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসানপুর স্টেশনের আউটার সিগন্যালে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস বিকল্প লাইন দিয়ে যাওয়ার সময় হাসানপুর ও গুণবতী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়। এতে দুই লাইনের চলাচলই একযোগে বন্ধ হয়ে পড়ে।
স্টেশন মাস্টার জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত বিকল্প ইঞ্জিন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ধার কাজ শেষে রেল যোগাযোগ পুনরায় চালু করা হবে।
রেল যোগাযোগ বন্ধ থাকায় লাকসাম ও কুমিল্লা স্টেশনে কয়েকটি ট্রেন আটকে আছে। এতে গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার যাত্রী। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
পিএনএস/এএ
চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ
24-06-2026 10:08PM

