রাজধানীতে দুর্বৃত্তের লাঠিপেটায় শ্রমিকের মৃত্যু

  25-06-2026 03:00AM

পিএনএস ডেস্ক: রাজধানীর কদমতলী থানার মুন্সিখোলা এলাকায় দুর্বৃত্তের লাঠির আঘাতে মো রাসেল (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাসেল নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রসুলপুর এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি ফতুল্লার একটি রড মিলের কর্মচারী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের বোন রেশমা আক্তার জানান, মঙ্গলবার গভীর রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে মুন্সিখোলা এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত রাসেলের ওপর হামলা চালায়। তারা তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কারা এ হামলার সঙ্গে জড়িত সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছিল।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন