পিএনএস ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া একটি মাছ ধরা ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ৬ জেলে। নিখোঁজদের সন্ধানে সমুদ্রে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বকখালি ও সুন্দরবন উপকূলবর্তী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সোমবার (১৩ জুলাই) সুন্দরবন থানা পুলিশের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
কলকাতার স্থানীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ জুলাই পূর্ব মেদিনীপুরের দিঘার শঙ্করপুর মৎস্যবন্দর থেকে ১৫ জন জেলেসহ ট্রলারটি মাছ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। এর পর থেকেই তীব্র প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে যায় ট্রলারটি। টানা আট দিন অনুসন্ধানের পর রোববার(১২ জুলাই) দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঘেরচরের কাছে ট্রলারটির অবস্থান চিহ্নিত করা হয়।
পুলিশ জানিয়েছে, বন অধিদপ্তর এবং ভারতীয় কোস্টগার্ডের যৌথ অভিযানে ট্রলারটি উদ্ধার করে সীতারামপুরে নিয়ে আসা হয়। পরে রাতভর তল্লাশির পর ট্রলারের ভেতর থেকে ৯ জন জেলের মরদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে শঙ্করপুর থেকে ট্রলারের মালিকপক্ষ ইতিমধ্যে কাকদ্বীপে পৌঁছেছেন। মৎস্যজীবী সংগঠনের উদ্যোগে একাধিক ট্রলার উদ্ধারকাজে অংশ নেয় এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে উপকূল পর্যন্ত টেনে আনে।
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের তদারকি করেন সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। আশঙ্কা করা হচ্ছে, ট্রলারের ভেতরে বা আশপাশে আরও মরদেহ আটকে থাকতে পারে। সেই কারণে আজ দিনভর তল্লাশি অভিযান চলবে বলে জানানো হয়েছে। সমুদ্রে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শঙ্করপুরসহ উপকূলবর্তী মৎস্যজীবী মহলে। এখনো নিখোঁজ ৬ জনের খোঁজ না মেলায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাদের পরিবারের সদস্যরা।
পিএনএস/এএ
বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ৯ জেলের মরদেহ উদ্ধার
13-07-2026 07:11PM

