হরমুজ প্রণালিতে জাহাজে হামলার পর ‘ভুল’ স্বীকার ইরানের: রিপোর্ট

  12-07-2026 03:01AM

পিএনএস ডেস্ক: হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার পর নিজেদের ‘ভুল’ স্বীকার করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের কাছে গোপনে এই কথা জানিয়েছেন ইরানি প্রতিনিধিরা। তারা দাবি করেছেন, শীর্ষ নেতাদের নির্দেশে এই হামলা হয়নি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, চলমান আলোচনা ভেস্তে দিতেই কট্টরপন্থীদের একটি দল এই হামলা চালিয়েছে বলে তেহরান দাবি করেছে। তারা যুক্তরাষ্ট্রকে বলেছে, ‘আমরা ভুল করেছি। আসুন আলোচনা চালিয়ে যাই।’ তবে হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলোচনা এগোতে হলে ইরানকে প্রকাশ্যে স্বীকার করতে হবে যে, এই হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন ছিল।

ট্রাম্প তার প্রতিনিধি দলকে আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মূল বিষয় হলো, ইরান হরমুজ প্রণালি দিয়ে আগের মতো জাহাজ চলাচলের সুযোগ দেয় কি না। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরান কথা না রাখলে তাদেরকে চরম পরিণতি ভোগ করতে হবে।

ইরান কট্টরপন্থীদের দোষ দিলেও যুক্তরাষ্ট্র তা পুরোপুরি বিশ্বাস করছে না। ট্রাম্প প্রশাসন এখনও কূটনীতির পথ খোলা রাখলেও এটার সময় খুব সীমিত। ইরান পুনরায় শত্রুতা শুরু করলে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে প্রস্তুত।

এদিকে এই আলোচনার ওপর ইরানের পরমাণু চুক্তির ভবিষ্যৎও নির্ভর করছে। যুক্তরাষ্ট্রের মতে, হরমুজ প্রণালি খোলা রাখার মতো প্রাথমিক প্রতিশ্রুতিই যদি ইরান না রাখে, তবে জটিল পরমাণু বিষয় নিয়ে আলোচনা করার কোনো মানেই হয় না। সূত্র: এনডিটিভি


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন