জনি হত্যা: সাবেক পুলিশপ্রধান-ডিএমপি কমিশনারকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

  15-06-2026 12:31AM

পিএনএস ডেস্ক: ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনি হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ দুজনকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মামলার অপর আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জুন দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে রোববার (১৪ জুন) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ট্রাইব্যুনালে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

শুনানির দিনে কারাগার থেকে প্রিজনভ্যানে পুলিশের সাবেক দুই কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, রাজধানীর খিলগাঁও থানা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন জনি। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। তার সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনও ছিলেন। এরপর ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে জনিকে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করে পুলিশ। এ ঘটনায় ডিএমপির তৎকালীন কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তৎকালীন আইজিপি শহীদুল হকের বিরুদ্ধে মামলা করা হয়। এখন মামলাটির তদন্ত চলছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন