পিএনএস ডেস্ক: ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম মাফল। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চর গুজামানিকা গ্রামের বানু মিয়ার ছেলে।
মাফলের নিহত হওয়ার বিষয়টি রোববার (১৪ জুন) জানতে পারে তার পরিবার।
জানা গেছে, জীবিকার তাগিদে এক মাস ১২ দিন আগে রাশিয়ায় যান মাফল। স্বজনদের অভিযোগ, রাজমিস্ত্রির কাজের কথা বলে তাকে রাশিয়ায় নেওয়া হলেও পরে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ মে থেকে মাফলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। আজ রোববার তার মৃত্যুর খবর পান স্বজনরা। ইউক্রেনের ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন বলে পরিবারকে জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, রাশিয়ায় যাওয়ার পর মাফল একাধিকবার মোবাইল ফোনে জানিয়েছিলেন—তাকে যে কাজের কথা বলে নেওয়া হয়েছে সেই কাজ দেওয়া হয়নি। পরিবর্তে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। তিনি পরিবারের সদস্যদের কাছে দোয়া চেয়েছিলেন।
নিহতের চাচা আনিস বলেন, আমার ভাতিজা জীবিকার তাগিদে রাশিয়ায় গিয়েছিল। যে এজেন্সির মাধ্যমে সে গেছে তারা রাজমিস্ত্রির কাজের কথা বলেছিল। পরে জানতে পারি, তাকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে দেওয়া হয়েছে। সেখান থেকে তাকে যুদ্ধের ময়দানে পাঠানো হয়।
তিনি আরও বলেন, সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমাদের আবেদন, যেন আর কোনো বাংলাদেশি এমন দালাল চক্রের শিকার না হয়। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
নিহতের ভাই আশরাফুল ইসলাম বলেন, আমার ভাই এক মাস ১২ দিন আগে রাশিয়ায় গিয়েছিল। আজ জানতে পারলাম সে ড্রোন হামলায় মারা গেছে। আমরা সরকারের মাধ্যমে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।
নিহতের বোন আছিয়া বলেন, আমার ভাইসহ প্রায় ৩০ জন বাংলাদেশি একসঙ্গে রাশিয়ায় গিয়েছিল। তাদের আর্মি ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। আমার ভাই অনেক অনুরোধ করেছিল, কিন্তু কেউ তার কথা শোনেনি। এখন আমাদের একটাই দাবি, তার মরদেহ যেন দেশে ফিরিয়ে আনা হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
পিএনএস/রাআ
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় বাংলাদেশি যুবক নিহত
15-06-2026 01:27AM

