পিএনএস ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিজিবি সদস্যকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।
শনিবার (৬ জুন) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আজ দুপুর ১টার দিকে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) হাবিলদার মো. এলাহান মিয়া (৪৯) কান্তালং বিওপি থেকে লিংক টহলের মাধ্যমে দায়িত্ব পালন করছিলেন। এসময় চিম্বুলুই বিওপির নিকটবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ তার বাম হাত ও বাম পায়ে তীব্র ব্যথা এবং অবশভাব অনুভূত হয়।
ঘটনার পরপরই ব্যাটালিয়নের মেডিকেল অফিসার তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। অবস্থার উন্নতি না হওয়ায় পরে ঢাকার পিলখানাস্থ বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শক্রমে তার মধ্যে লেফট-সাইডেড হেমিপারেসিস জনিত উপসর্গ পরিলক্ষিত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মো. শরীফুল ইসলাম বলেন, দুর্গম পার্বত্য সীমান্তে কর্তব্যরত সদস্যের জীবন ও সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও এয়ার ইভাকুয়েশনের ব্যবস্থা গ্রহণ করে। দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থানরত একজন সদস্য যেন অতি স্বল্প সময়ে উন্নত চিকিৎসা সুবিধার আওতায় আসতে পারেন, সে লক্ষ্যে বিজিবির অপারেশন ও চিকিৎসা শাখা সমন্বিত উদ্যোগে দ্রুত বিজিবি হেলিকপ্টার মোতায়েন করা হয়। বিজিবি হেলিকপ্টারটি দুপুর ২টা ৩৬ মিনিটে চিম্বুলুই বিওপি থেকে উড্ডয়ন করে নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে অবতরণ করে। বর্তমানে হাবিলদার মো. এলাহান মিয়া সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
তিরি আরও বলেন, বিজিবি বিশ্বাস করে, দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্যই বাহিনীর অমূল্য সম্পদ। তাই দায়িত্ব পালনকালে কোনো সদস্য অসুস্থ বা আহত হলে তার জীবনরক্ষা ও সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়। দুর্গম সীমান্ত অঞ্চলেও যেন কোনো সদস্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে বিজিবি আধুনিক চিকিৎসা সহায়তা ও জরুরি উদ্ধার ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিজিবি সদস্য হওয়া সত্ত্বেও তাকে সেনাবাহিনী পরিচালিত সিএমএইচ এ উন্নত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
পিএনএস/রাআ
দুর্গম সীমান্তে হঠাৎ অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে আনা হলো সিএমএইচে
06-06-2026 10:29PM

