ধামরাইয়ে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

  06-06-2026 06:42PM

পিএনএস ডেস্ক : ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এসময় ঢাকা আরিচা মহাসড়কের উভয় পাশে ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

শনিবার (০৬ জুন) দুপুরে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে স্থানীয় স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, দুর্ঘটনা স্থলে গিয়ে আমরা তিনজন আহত অবস্থায় পেয়েছি। আমরা যাওয়ার পূর্বে আরও আহত থাকতে পারে। উদ্ধারকাজ শেষে বেলা ২ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন