পিএনএস ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম রাষ্ট্রীয় সফর।
রোববার (২১ জুন) বেলা ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি ৩৮৬-এ কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। স্থানীয় সময় রাত ৮টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া রয়েছেন ৮ মন্ত্রী, প্রতিমন্ত্রী।
মালয়েশিয়ায় অবস্থানকালে প্রধানমন্ত্রী বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন। সফর শেষে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে সমঝোতা বা যৌথ ঘোষণা আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
সার্বিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শ্রমবাজার পুনরুজ্জীবন, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং কৌশলগত সহযোগিতা জোরদারের ক্ষেত্রে সফরটি বাস্তবসম্মত অগ্রগতি বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।
দুই দিনের সফর শেষে ২২ জুন বিকেলে কুয়ালালামপুর থেকে বিমানের বিশেষ ফ্লাইটে চীনের ডালিয়ানের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
পিএনএস /এএ
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
21-06-2026 07:36PM

