পিএনএস ডেস্ক: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশলের অংশ হিসেবে এবার পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রেও পরিবর্তন আনছে সরকার। এজন্য প্রস্তাবিত নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়লেও সরকারি ব্যয় নিয়ন্ত্রণে বিভিন্ন খাতের ভাতায় বড় ধরনের কাটছাঁট বা যৌক্তিকীকরণ করা হবে বলে জানা গেছে।
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত সচিব কমিটির এক উচ্চপর্যায়ের বৈঠকে নবম পে স্কেলের রূপরেখা, আর্থিক প্রভাব এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের নীতিগত সিদ্ধান্ত ধরে রেখেই পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, মূল বেতন বৃদ্ধি পেলেও সরকারের সামগ্রিক ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে বিভিন্ন ভাতার হার পুনর্মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে।
যেসব ভাতায় পরিবর্তনের আলোচনা হয়েছে—
বাড়িভাড়া ভাতা
বর্তমানে অঞ্চলভেদে মূল বেতনের ৪৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা দেওয়া হয়। নতুন পে স্কেলে মূল বেতন বাড়লে একই হারে ভাতা দিলে সরকারি ব্যয় অনেক বেড়ে যাবে। তাই এই শতাংশ কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।
চিকিৎসা ভাতা
বর্তমানে সব গ্রেডের কর্মকর্তা-কর্মচারী মাসে ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। নতুন কাঠামোয় এ ভাতার হার পুনর্নির্ধারণ বা নির্দিষ্ট সীমা নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে।
শিক্ষা সহায়ক ভাতা
দুই সন্তানের জন্য দেওয়া শিক্ষা সহায়ক ভাতাও পুনর্বিবেচনার আওতায় এসেছে। প্রয়োজন হলে এর সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হতে পারে।
যাতায়াত ভাতা
নির্দিষ্ট গ্রেডের কর্মচারীদের যাতায়াত ভাতা এবং প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ও জ্বালানি সুবিধা পুনর্মূল্যায়নের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।
অপ্রাসঙ্গিক ভাতা বিলোপ
বর্তমান সময়ে কার্যকারিতা হারানো বা খুবই সীমিত গুরুত্বের কিছু ছোটখাটো ভাতা পুরোপুরি বাতিল করারও প্রস্তাব এসেছে। কোন কোন ভাতা বিলোপ হবে, তা চূড়ান্ত সিদ্ধান্তের পর জানানো হবে।
বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বেতন বাড়ানো হচ্ছে। তবে এর সঙ্গে জনপ্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও সেবার মানও বাড়াতে হবে। শুধু আর্থিক সুবিধা নয়, নাগরিকদের সেবাপ্রাপ্তি সহজ করাও নিশ্চিত করতে হবে।
এদিকে নতুন অর্থবছর থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নবম পে স্কেলের আওতায় বেতন-ভাতা পাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ জন্য প্রস্তাবিত বাজেটে প্রায় ৪৪ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। তবে ভাতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গেজেট প্রকাশের পরই কার্যকর হবে।
পিএনএস/এএ
নতুন পে স্কেলে বেতন বাড়লেও কাটছাঁট হচ্ছে যেসব ভাতা
25-06-2026 06:12PM

